নড়াইলে মামার বিয়েতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার   | Daily AjKaler Kontho

নড়াইলে মামার বিয়েতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার  


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নড়াইলে মামার বিয়েতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার  

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় সমিতির ঘাট এলাকা থেকে নবগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া শিশু সৈয়দ রায়হান (৬) এর লাশ ৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বড় ভাই সৈয়দ আপন (৮) এর সাথে ওই স্থানে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে ছোট ভাই সৈয়দ রায়হান (৬)। এরপর ছোট ভাই নিখোঁজ হয়।

বিকাল ৪টার দিকে লোহাগড়া ফায়ার সার্ভিস ও ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত সৈয়দ রায়হান দিঘলিয়া গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সৈয়দ রায়হান ও সৈয়দ আপন দুই ভাই চরদিঘলিয়া এলাকায় নানা ইউসুফ শেখের বাড়িতে মামার বিয়ের দাওয়াতে যায়। এরপর দুই ভাই গোসল করতে নবগঙ্গা নদীতে নামে। সাতার না জানায় সৈয়দ রায়হান পানিতে তলিয়ে যায়। এরপর খবর পেয়ে গ্রামের মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে সৈয়দ রায়হান এর লাশ উদ্ধার করে।

তারা দুই ভাই চরকোটাকোল নুরানী মাদ্রাসার ছাত্র ছিলো। দিঘলিয়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য মোঃ জান্নাত মৃধা এবং লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।