ভয়াবহ নদীভাঙন: ৪০ বিঘা জমি বিলীন, ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে | Daily AjKaler Kontho

ভয়াবহ নদীভাঙন: ৪০ বিঘা জমি বিলীন, ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ভয়াবহ নদীভাঙন: ৪০ বিঘা জমি বিলীন, ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে

গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ঘাঘট নদী তীব্র ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের কারণে ইতোমধ্যে প্রায় ৪০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসী জানান, নদীর ভাঙন প্রতিদিনই নতুন নতুন অংশে বিস্তৃত হচ্ছে। এতে বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক পরিবার নিরাপত্তার কারণে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সোমবার (১ জুন) অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, ঘাঘট নদীতে ড্রেজার মেশিনের সাহায্যে নিম্নমানের মাটি মিশ্রিত পলিযুক্ত বালু ভাঙন সংলগ্ন স্পটে মজুদ করে রাখা হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব বালু জিওব্যাগে ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল লতিফ হক্কানি বলেন, “ভাঙন প্রতিরোধে ৫–৭ দিন আগে আমি দায়িত্ব পেয়েছি। এটি জরুরি কাজ। নদী থেকে বালু উত্তোলন করে নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে। এখনো জিওব্যাগে বালু ভরার কাজ শুরু হয়নি। বালু পরীক্ষা করে জিওব্যাগে ভরা হবে। তবে নদীর প্রবল স্রোত ও অনুকূল আবহাওয়ার কারণে কিছু স্থানে ক্ষয়ক্ষতির সৃষ্টি হচ্ছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকায় ভাঙন অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।