রায়পুরে এনসিপি কেন্দ্রীয় নেতা কারাগারে, তারেক রহমানকে নিয়ে পোস্টের অভিযোগে মামলা | Daily AjKaler Kontho

রায়পুরে এনসিপি কেন্দ্রীয় নেতা কারাগারে, তারেক রহমানকে নিয়ে পোস্টের অভিযোগে মামলা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
রায়পুরে এনসিপি কেন্দ্রীয় নেতা কারাগারে, তারেক রহমানকে নিয়ে পোস্টের অভিযোগে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় মামলার বাদী যুবদল নেতা রুহুল আমিন মিঝিকে মারধরের অভিযোগও আনা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে রুহুল আমিন মিঝি বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রায়পুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ফেসবুকে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে বাদীকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় এনসিপি নেতা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছে এনসিপি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, আনোয়ার হোসেনকে আটকের সময় মারধর করা হয়েছে। এছাড়া তার বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

এদিকে মামলার পর এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।