সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহার আনন্দকে গ্রামীণ জনপদে আরও মুখরিত ও উৎসবমুখর করে তুলতে নওগাঁর শফিকপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। এস পি ব্রাদার্স ওয়ারিয়র্স শফিকপুর ক্লাব’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত ঈদের ছুটিতে গ্রামীণ রূপ-সৌন্দর্য ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও বাড়িয়ে তুলতেই ক্লাবটি এই উদ্যোগ নেয়।

শফিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসবে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন। দুই দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার জমজমাট প্রদর্শন শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল বৃদ্ধদের ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা, ছোট-বড় ছেলে-মেয়েদের বিভিন্ন রকমের গ্রামীণ খেলা এবং শুকনো মাটিতে হাঁস ধরাসহ হারিয়ে যাওয়া নানা রকম গ্রামীণ আয়োজন। যা উপস্থিত সব বয়সী দর্শককে দারুণভাবে মোহিত করে।

খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্পোরাল সুমন প্রামানিক, সাংবাদিক মুরাদ মৃধা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল প্রামানিক, ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী আসাদ আলী এবং মোঃ আব্দুল আলিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও এস পি ব্রাদার্স ওয়ারিয়র্স (শফিকপুর) ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটিরা জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদের এই বিশেষ সময়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। অতীতেও এমন আয়োজন করা হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের আনন্দদায়ক ক্রীড়া উৎসবের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শেষে উপস্থিত দর্শক ও এলাকাবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও উত্তেজনা যোগ করতে একটি আকর্ষণীয় রাফেল ড্র-এর আয়োজন করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে রাফেল ড্র-এর বিজয়ী নির্ধারণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সফল ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।