নেত্রকোণায় ধর্ষণ মামলাকে মিথ্যা দাবি,মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় ধর্ষণ মামলাকে মিথ্যা দাবি,মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
নেত্রকোণায় ধর্ষণ মামলাকে মিথ্যা দাবি,মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে আজ দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সম্প্রতি বেতুয়া গ্রামের বাসিন্দা মোছাঃ ফাহিমা খাতুন কলমাকান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলম বাবুকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, গত ১৪ মে সকালে ফাহিমা খাতুনের মেয়ে নাদিয়া আক্তারকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

তবে মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং পূর্ব শত্রুতার জেরে নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ঘটনার বর্ণনায় অসংগতি রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একজন নির্দোষ মানুষকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা দেওয়া হয়েছে।

এসময় বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়।

মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।