ঈদের দিনেও বিদ্যুৎহীন চরপাতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ | Daily AjKaler Kontho

ঈদের দিনেও বিদ্যুৎহীন চরপাতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
ঈদের দিনেও বিদ্যুৎহীন চরপাতা, ক্ষোভে মহাসড়ক অবরোধ

পবিত্র ঈদুল আজহার দিনেও টানা তিনদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের কয়েকটি এলাকার মানুষ। তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া ও ঈদের দিনের এমন দুর্ভোগে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গাছিরহাট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রাহক ও এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঈদের দিনেও ঘরে নেই স্বস্তি। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাবার, কোরবানির জন্য আগে থেকে সংগ্রহ করা বিভিন্ন সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা বলেন,

“আজ ঈদের দিন। মানুষ পরিবার-পরিজন নিয়ে একটু স্বস্তিতে সময় কাটাবে, কিন্তু সেই সুযোগও নেই। এই গরমে ঘরে থাকা যাচ্ছে না। তিনদিন ধরে বিদ্যুৎ নেই। ফ্রিজে রাখা খাবার ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কোরবানির জন্য অনেকে আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিলেন, সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম। বহুবার অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।”

বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে যাত্রীবাহী বাস, সিএনজি ও মালবাহী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই ঈদের দিনেও তাদের অন্ধকারে থাকতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবরোধ তুলে নিতে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।