পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | Daily AjKaler Kontho

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়াম-এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান এর সভাপতিত বুধবার (২৭ মে) বিকেল ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মাসুদ খান, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ব্যাংক খাতকে সুশৃঙ্খল করতে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “গত ২০ বছরে দেশের ব্যাংক খাতে যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে। এই চিত্র প্রমাণ করে, বিগত সরকার ব্যাংক খাত লুটপাটের সুযোগ করে দিয়েছিল। সেই দায় এখন দেশের জনগণকে বহন করতে হচ্ছে।”

রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জানুয়ারিতে জোরপূর্বক নির্বাচন আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে আগস্ট মাসে জনগণের চাপের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত অপমানজনকভাবে কোনো রাষ্ট্রনায়ককে দেশ ছাড়তে হয়নি।”

বক্তব্যের শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের শিক্ষা হোক ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার।