
কুড়িগ্রামে উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)’র ৬৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
গত শনিবার (২৩ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মোঃ মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক ও মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বাহারুল ইসলাম, মামুন মিয়া ও মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫ জনকে যুগ্ম সদস্য সচিব ও ৫১ জনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুর উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা একযোগে কাজ করবেন।
এদিকে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :