আইডিইবি দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আইডিইবি দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত


মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
আইডিইবি দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটি (২০২৬-২০২৮ টার্ম)-এর শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় দিনাজপুরের কালিতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইডিইবির নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। তিনি নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন ও দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা রক্ষায় আইডিইবির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “আপনাদের স্বার্থসংশ্লিষ্ট কাজে আমি সবসময় সোচ্চার আছি। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবির যুগ্ম আহ্বায়ক (ফরিদপুর) প্রকৌশলী আবেদুর রহমান, সদস্য সচিব অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুছ সাত্তার শাহ।

অনুষ্ঠানে বক্তারা দেশের কারিগরি শিক্ষার প্রসার, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ প্রকৌশলী তৈরিতে আইডিইবির অবদান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নব-নির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মোঃ মিনারুল ইসলাম বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নব-নির্বাচিত কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।