
নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ এবং টিসিবির ৯০০ কেজি চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২০ মে ২০২৬ তারিখ বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের গোপন সংবাদের ভিত্তিতে ও সরাসরি নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন যে, মান্দা থানার ০৬ নং মৈনম ইউনিয়ন এলাকায় সরকারি বরাদ্দের ভিজিএফ-এর চাল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে। তথ্য পাওয়ার পরপরই তিনি মান্দা থানার অফিসার ইনচার্জকে (ওসি) দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম তাৎক্ষণিকভাবে অভিযানে নামে।
অভিযান চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বাবু মন্ডলের (৫৬) বসতবাড়ির প্রধান গেটের পাশে অবস্থিত একটি টিনশেড রান্নাঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সর্বমোট ৯০০ কেজি সরকারি চাল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি বাবু মন্ডল সরকারি এই চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে চড়া দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
চাল জব্দের পর পুলিশ আশেপাশের এলাকায় তল্লাশি জোরদার করে। একই দিন সন্ধ্যা আনুমানিক ৬:০৫ মিনিটে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজারের দিকে আসার পথে বাবু মন্ডলের বাড়ির অদূরে পাকা রাস্তার ওপর একটি চালবোঝাই ভ্যান আটক করে পুলিশ।
উপস্থিত সাক্ষীদের সামনে ভ্যানচালক মোঃ উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, এসব টিসিবির চাল অবৈধভাবে সংগ্রহ করে বাবু মন্ডলের বাড়িতে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তী সময়ে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল।
ঘটনায় জড়িত থাকার অপরাধে ভ্যানচালক মোঃ উজ্জল সাকিদারকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মোঃ বাবু মন্ডলসহ অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারির মাধ্যমে বিক্রয় করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় অপরাধ করেছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :