
নওগাঁর বদলগাছী উপজেলায় ধান মাড়াই মেশিনের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় শিক্ষিকার মৃত্যুর এই মর্মান্তিক খবর দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী মৃত্যুবরণ করেছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা কুলছুম আক্তার বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ জাহান সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা এবং তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এদিকে, শিক্ষিকার মৃত্যুর খবর সইতে না পেরে মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম (১৪)। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং উপজেলার বদলগাছী সদরের আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (মাতাজিহাট) থেকে আসা একটি দ্রুতগামী ধান মাড়াই মেশিনের (ভটভটি) সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলছুম মারা যান। এসময় গুরুতর আহত হন তার সহকর্মী মমতাজ জাহান। স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শিক্ষিকা কুলছুমের মৃত্যুর খবর ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখে হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, “আমার মেয়েটি ফেসবুকে তার প্রিয় কুলছুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ওকে মৃত ঘোষণা করেন।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নাহিদ বলেন, “শিক্ষার্থী তাসনিম হয়তো কোনো আকস্মিক ও বড় ধরনের মানসিক ধাক্কা বা শক পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, যা পরবর্তীতে কার্ডিয়াক অ্যারেস্টে রূপ নিতে পারে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক ও স্পষ্ট কারণ জানা যাবে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সাথে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ধাক্কা সামলাতে না পেরে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবরও তারা পেয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :