গাইবান্ধায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৫ | Daily AjKaler Kontho

গাইবান্ধায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৫


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
গাইবান্ধায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৫

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে গাইবান্ধা জেলা পুলিশ। ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

রোববার (১৮ মে) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গাইবান্ধা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন-এর পক্ষে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অনলাইনে আবেদন করেছিলেন ৩ হাজার ৯৪২ জন। এর মধ্যে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) এর বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ হন ৪৫৩ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৫২ জন, যার মধ্যে উত্তীর্ণ হন ৭১ জন। পরে মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৭১ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫ জনকে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৯ জনকে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। এসময় নিয়োগ বোর্ডের সদস্যসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি