বরিশাল নগরী বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন ফুটপাত দখলের চিত্র | Daily AjKaler Kontho

বরিশাল নগরী বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন ফুটপাত দখলের চিত্র


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
বরিশাল নগরী বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন ফুটপাত দখলের চিত্র

নগরীর ত্রিশ গোডাউন বিনোদন কেন্দ্র এলাকায় ফুটপাত দখল করে চেয়ার বসিয়ে ব্যবসা পরিচালনার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা পর্যটকরা। দীর্ঘদিন ধরে চলা এ অব্যবস্থাপনায় ক্ষোভ বাড়ছে দর্শনার্থীদের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, বিনোদন কেন্দ্র সংলগ্ন সড়কের ফুটপাতের বড় একটি অংশ দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ীরা চা-নাস্তার দোকান ও বসার ব্যবস্থা করেছেন। এতে করে পর্যটক ও সাধারণ পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের অভিযোগ, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা তারা কল্পনাও করেননি। বিশেষ করে ছুটির দিন ও সন্ধ্যার পর ভিড় বাড়লে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

একজন দর্শনার্থী বলেন, “বিনোদন কেন্দ্রটি দেখতে ভালো, কিন্তু আশপাশের অব্যবস্থাপনার কারণে স্বস্তিতে ঘোরাফেরা করা যাচ্ছে না। ফুটপাত দখলমুক্ত না হলে সমস্যা থেকেই যাবে।”

স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ফুটপাত দখল করে আসছেন। প্রশাসনের নজরদারি না থাকায় সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক, যাতে পর্যটকরা নির্বিঘ্নে বিনোদন কেন্দ্রটি উপভোগ করতে পারেন।

আজকালের কন্ঠ/আর বি