নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ফাল্গুনী (২০) নামে এক গৃহবধূকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোরশেদ আলীর (২৮) বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মোরশেদ আলী ওই এলাকার মোঃ পিন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে মোরশেদ ও ফাল্গুনীর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে তাদের শয়নকক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে মোরশেদ ক্ষিপ্ত হয়ে ফাল্গুনীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এতে ঘটনাস্থলেই ফাল্গুনীর মৃত্যু হলে মোরশেদ তাকে বিছানায় ফেলে রাখেন।

খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মোরশেদ আলীকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং হত্যার বিষয়টি অস্বীকার করেন। তবে পুলিশের বিশেষ টিমের নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, পারিবারিক কলহের জেরে তিনিই তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।