শহীদ ওসমান হাদি হ'ত্যার বিচারের দাবিতে ববি'তে বিক্ষোভ ও মানববন্ধন | Daily AjKaler Kontho

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন


আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারহীনতার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ববি শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শহীদ হাদির পরিবার থেকে তাঁর ছোট বোন শরীফ মাসুমা হাদি ও ভগ্নীপতি মো. আমির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, “আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তার জানাজায় জনজোয়ার হয়েছিল, যা বলে দেয় মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।”

তিনি আরও বলেন, “সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৩ বার পেছানো হয়েছে, আর হাদির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে ১৩ বার। যে মানুষ ইনসাফের কথা বলেছে, তার হত্যার বিচারেই রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই।”

মানববন্ধনে শহীদ শরিফ উসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, “আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরবো। যে ওসমান হাদি শত্রুকেও ইনসাফ পাইয়ে দিতে চেয়েছিল, আজ তার নিজের ইনসাফ কোথায়? বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে যাত্রা শুরু হলো, আমরা বিচার আদায় করেই ঘরে ফিরবো।”

আজকালের কন্ঠ/আর বি