ডাক্তারের সেবার মান নিয়ে পোস্ট, ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

ডাক্তারের সেবার মান নিয়ে পোস্ট, ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
ডাক্তারের সেবার মান নিয়ে পোস্ট, ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তারের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ইমাম সায়েমের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে একজন ধর্মীয় ব্যক্তিত্বের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা শাহাবুদ্দিন বলেন, “ডাক্তারের সেবার মান নিয়ে মতামত প্রকাশের কারণে ইমাম সায়েমের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, মা মনি হাসপাতালের এমডি অভি সঞ্জয়কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় আরও বক্তব্য রাখেন শানে সাহাবা রায়পুর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মামুন, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য হাফেজ আরিফ হোসেন মিঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর হামলা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। দ্রুত বিচার না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।

আজকালের কন্ঠ/আর বি