নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ | Daily AjKaler Kontho

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ৫ই মে মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চন উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন উত্তরপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন দেখা যায়, পুলিশের হাত থেকে বাঁচতে মাদক ব্যবসায়ী মাটির নিচে বিশেষ কায়দায় ড্রাম ভর্তি মদ লুকিয়ে রেখেছে। পরে মাটি খুঁড়ে সেখান থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লিদু সরদার (৬৫)। তিনি মান্দা থানার কাঞ্চন উত্তরপাড়া গ্রামের মৃত পূর্ণ সরদারের ছেলে।

মান্দা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।