
“আমরা সন্ত্রাস, চাঁদাবাজি চাই না—আমরা চাই জনগণের শান্তি।” এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
কুয়াকাটার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোশাররফ হোসেন বলেন, একটি আধুনিক ভবন নির্মাণই শিক্ষার মান উন্নয়নের একমাত্র শর্ত নয়। শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ-খবর নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, “শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয় না। তাদের সার্বিক অগ্রগতি ও নৈতিক বিকাশের বিষয়েও অভিভাবকদের নজর রাখতে হবে।”
অনুষ্ঠানে হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মো. মোশফিকুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি, গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক, মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক, মো. কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক ‘আজকালের কণ্ঠ’-পত্রিকা এর উপসম্পাদক মো. মিজানুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান শহীদ মাতুব্বর, মহিপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ খান রাব্বিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :