বাউফলে জমি বিরোধে কর্মচারীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

বাউফলে জমি বিরোধে কর্মচারীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
বাউফলে জমি বিরোধে কর্মচারীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর বাউফলে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে খামারের মালিককে না পেয়ে তার এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আলী আকবর মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত বেল্লাল মৃধা (২৮) ওই এলাকার আবদুল মজিদ মৃধার ছেলে। তিনি স্থানীয় একটি ছাগলের খামারে কর্মচারী হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারের মালিক আবুল হোসেন রনির সঙ্গে একই এলাকার মো. রাসেলের বিরোধ চলছিল। ঘটনার সময় আবুল হোসেনকে না পেয়ে রাসেল ও তার সহযোগীরা বেল্লাল মৃধার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, লাঠি ও লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন শহিদুল ইসলামের ছেলে রাসেল, মো. ফিরোজের ছেলে হাসান, মো. হোসাইন ও রাসেলের ছেলে মেহেদীসহ কয়েকজন।

গুরুতর আহত অবস্থায় বেল্লালকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান উদ্দীন জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে রাসেল বলেন, তিনি হামলায় জড়িত নন। তবে ঝগড়ার সময় আঘাত লাগতে পারে বলে দাবি করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি