কুয়াকাটায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্য: ভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল | Daily AjKaler Kontho

কুয়াকাটায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্য: ভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১২:২০ অপরাহ্ন
কুয়াকাটায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্য: ভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য এবং বজ্রমেঘের প্রভাবে কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এর ফলে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে গতকাল দুপুর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে এবং নদ-নদীর পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় বাতাসের গতিবেগও বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পটুয়াখালীসহ দেশের অন্তত ১৬টি জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরসহ দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকল নৌযানকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকাবাসীকেও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি