
ময়মনসিংহের নান্দাইলে সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ মোল্লা মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল কাদির, মাতা-সুরাইয়া খাতুন, গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার কান্দিউড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ধর্ষণের শিকার ভিকটিম তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার দাসপাড়া এলাকা থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভুলবশত তিনি নান্দাইল এলাকায় নেমে পড়েন। রাত প্রায় ১১টার দিকে অসহায় অবস্থায় সন্তানের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে একটি অটোরিক্সায় থাকা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নেয়।
পরবর্তীতে তাকে গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া এলাকার একটি নির্জন হাওরে নিয়ে গিয়ে রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় তারা।ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ভিকটিম প্রাথমিক চিকিৎসা নেন এবং অভিযুক্তদের একজন কাজলকে সনাক্ত করতে সক্ষম হন। বিষয়টি জানাজানি হলে কাজল এলাকা থেকে পালিয়ে যায়।
পরে নান্দাইল মডেল থানা পুলিশ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পুলিশের সহায়তায় ভিকটিমের পিতা আল-আমিন বাদী হয়ে কাজলসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন।ঘটনার গুরুত্ব বিবেচনায় ময়মনসিংহের পুলিশ সুপার দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি চৌকষ দল ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অটোরিক্সা চালক মোল্লা মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :