রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে গ্রেফতার ৫ | Daily AjKaler Kontho

রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে গ্রেফতার ৫


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে গ্রেফতার ৫

চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব-১১-এর তদন্তে ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন— রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়।

র‍্যাব জানায়, এই খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়।মূলত, বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাস তাকে পরের স্টেশনে নামিয়ে দেয়। সে সময় শেয়ারিংয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তিনি পদুয়ার বাজারে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সিএনজি অটোরিকশাতেই ছিনতাইকারীরা অবস্থান করছিলো।

সিএনজিতে ওঠার পর পরই ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় বুলেট বৈরাগীর মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। পরে তার মূল্যবান সামগ্রী নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী। এতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য,হত্যায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেফতারসহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র‍্যাব। তারা সবাই পেশাদার ছিনতাইকারী।

আজকালের কন্ঠ/আর এস