কক্সবাজারের সাংবাদিক মুন্নাকে জড়িয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানো, চাঁদা দাবির অভিযোগে মামলা | Daily AjKaler Kontho

কক্সবাজারের সাংবাদিক মুন্নাকে জড়িয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানো, চাঁদা দাবির অভিযোগে মামলা


জামাল খান , ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
কক্সবাজারের সাংবাদিক মুন্নাকে জড়িয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানো, চাঁদা দাবির অভিযোগে মামলা

কক্সবাজারে এক সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানো এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার আঞ্চলিক অফিসে কর্মরত স্টাফ রিপোর্টার মনছুর আলম মুন্না অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ও তার স্ত্রীর ব্যক্তিগত ছবি বিকৃত করে মাদকদ্রব্য (ইয়াবা) সংশ্লিষ্ট ভুয়া ভিডিও তৈরি করছে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ আত্মীয়-স্বজন ও সহকর্মীদের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়ে তার মানহানি করা হচ্ছে।

অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আনিসুর রহমান ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শহীদুল ইসলামসহ মোট ৫ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী জানান, গত ২৩ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্তরা তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার ও পরিবারের সদস্যদের আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এছাড়া, অভিযুক্তরা তাকে ঢাকার কাওরান বাজারে দেখা করতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করলে অপপ্রচার আরও জোরদার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মনছুর আলম মুন্না বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। একটি চক্র পরিকল্পিতভাবে আমার সম্মানহানি করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অপরদিকে, সাংবাদিক রেজাউল করিম রেজা ও এক নারী আইনজীবীর ছবি ব্যবহার করে ভিডিও কনটেন্ট তৈরি করে অপপ্রচারের অভিযোগে রাজধানীতে পর্নোগ্রাফি আইনে পৃথক মামলা করেছেন ওই নারী আইনজীবী। এ মামলায় আনিসুর রহমান, আতিকুল ইসলাম, শহীদুল ইসলাম ও সোবেদ আলী রাজাকে আসামি করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস