সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

অদ্য ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল, শার্ট পিস, ওয়ান টাইম ফুল প্লেট, ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ ও ৪ আরবি হতে আনুমানিক ১৫০ ও ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি নামক স্থান হতে ১৩,৩৯,৬০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ২২,০০০/- টাকা মূল্যের শার্ট পিস ও ওয়ান টাইম ফুল প্লেট আটক করে । চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ই বাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আভিযানিক দল সর্বমোট= ১৪,৩৬,০০০/- (চৌদ্দ লক্ষ ছত্রিশ হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি