রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন


সোহেল রানা , তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।র‍্যালির মাধ্যমে পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহসহ অন্যান্য বক্তারা। তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর এস