অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ব্যবসায়ীকে জরিমানা | Daily AjKaler Kontho

অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ব্যবসায়ীকে জরিমানা


স্টাফ রিপোর্টার: প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১:১২ অপরাহ্ন
অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামের তালুকদার হুলায় কবিরের বাড়ির সামনে একটি মাদ্রাসার নিচতলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।জানা গেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বৈঠাকাটা বাজারের ডিলার মোঃ আমান ওই স্থানে একটি দোকান রেখে নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। এ সময় অভিযুক্ত ডিলার মোঃ আমান (পিতা: মৃত আবদুর রাজ্জাক)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মজুদ বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর এস