“কাকে কুলাঙ্গার বললেন?” রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির | Daily AjKaler Kontho

“কাকে কুলাঙ্গার বললেন?” রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির


ময়মনসিংহ ব্যুরো চীফ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
“কাকে কুলাঙ্গার বললেন?” রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মোঃ আশরাফুর রহমান বলেছেন, জনসম্মুখে দায়িত্বহীন ও অশালীন বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি করে। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন রাখেন— “আপনি কাকে কুলাঙ্গার বললেন?”

শনিবার (১৮ এপ্রিল) গাজীপুরের ভবানীপুরে গ্রীনটেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আশরাফুর রহমান বলেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের প্রতিটি শব্দের সামাজিক প্রভাব রয়েছে। তাই ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষমূলক ভাষা ব্যবহার থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি বলেন, “একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সীমা অতিক্রম করে কথা বলেন, তখন তা শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের সামগ্রিক পরিবেশকেও প্রভাবিত করে।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশের শিক্ষিত ও মেধাবী তরুণদের একটি বড় অংশ বিদেশমুখী হয়ে পড়ছে, যা জাতির জন্য উদ্বেগের বিষয়।

তার ভাষায়, দেশে সম্ভাবনার অভাব নেই, কিন্তু সুস্থ সামাজিক পরিবেশের অভাবে অনেক মেধাবী তরুণ নিজের ভবিষ্যৎ অন্য দেশে খুঁজতে বাধ্য হচ্ছে।”
সাংবাদিকদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, ন্যায় এবং দেশপ্রেমের চেতনা ধারণ করেই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি জাতির বিবেক। তাই বস্তুনিষ্ঠতা ও ইতিহাস-সচেতনতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।”

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তাজবীর সজীব, পিআইবির প্রশিক্ষক শরিফুল ইসলাম শাকিল, সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্ব শর্মা এবং মোতাহার আলম চৌধুরী।

প্রায় চার ঘণ্টাব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বর্ষসেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।

আজকালের কন্ঠ/আর বি