সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব গাছ ভেঙে সিএনজি পিষ্ট | Daily AjKaler Kontho

সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব গাছ ভেঙে সিএনজি পিষ্ট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব গাছ ভেঙে সিএনজি পিষ্ট

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় পহেলা বৈশাখের রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল ঝড়ের তাণ্ডবে একটি বিশাল ও পুরোনো গাছ উপড়ে পড়ে একটি সিএনজি অটোরিকশার ওপর, এতে যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার মধ্যে কদমতলী এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছটি ভেঙে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে, ঠিক সেই সময় দিয়ে যাচ্ছিল সিলেট-থ ১১-৩৫৬১ নম্বরের একটি সিএনজি অটোরিকশা। মুহূর্তের মধ্যেই গাছটি যানটির ওপর আছড়ে পড়লে সেটি সম্পূর্ণরূপে পিষ্ট হয়ে যায়।

ঘটনার সময় সিএনজিটিতে চালকসহ কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা করছেন, ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছেন কিংবা প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

ঝড়ের তীব্রতা, অন্ধকার এবং প্রতিকূল পরিবেশের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। স্থানীয়রা নিজেরাই প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

আজকালের কন্ঠ/আর বি