নওগাঁয় অনলাইন ক্যাসিনো চক্রের ডিলার গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁয় অনলাইন ক্যাসিনো চক্রের ডিলার গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নওগাঁয় অনলাইন ক্যাসিনো চক্রের ডিলার গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়ার অন্যতম মূলহোতা ও ডিলার মো. মাহির সরদারকে (২২) গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নওগাঁ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাহির সরদার রাণীনগর উপজেলার চকমনো গ্রামের মো. আবু বক্কর সিদ্দীকের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ জেলার সাইবার অপরাধ ও অনলাইন জুয়া নির্মূলে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অনলাইন ক্যাসিনোর একজন বড় মাপের ডিলার সদর থানা এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহির সরদার জানায়, সে দীর্ঘদিন ধরে চীনে অবস্থান করে বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের সাথে যুক্ত ছিল। সে মূলত বিদেশি মুদ্রা থেকে বাংলাদেশি টাকায় ক্যাসিনোর অর্থ রূপান্তর (মানি এক্সচেঞ্জ) করে দিত। এছাড়াও সে বেশ কয়েকটি আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করে আসছিল।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাহির সরদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রচলিত সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনলাইন জুয়ার এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত আছে।

নওগাঁ জেলা পুলিশ সাধারণ মানুষকে এ ধরণের ক্ষতিকর অনলাইন গেম ও ক্যাসিনো থেকে দূরে থাকার এবং এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি