
লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাছির আহমদ (৫৫) ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পেশকার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নাছির আহমদ সকালে ঘুমন্ত অবস্থায় তার ছেলে, লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান আহমেদকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপনকেও কুপিয়ে জখম করেন। একই সময়ে তাদের রক্ষা করতে গেলে আরও একজনকে কুপিয়ে আহত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাছির আহমদ অস্বাভাবিক আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যান এবং পরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাছির আহমদ সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ঘটনার আগের রাতে তার ছেলে তাকে ওষুধ এনে দেন। ঘটনার সময় তার স্ত্রী ও বড় ছেলে বাড়িতে ছিলেন না। বড় ছেলে প্রতিবন্ধী বলে জানা গেছে।
নিহত নাছির আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় সাত বছর ধরে বাঞ্চানগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং গত বছর আগস্টে ট্রাফিক পুলিশ কনস্টেবল পদ থেকে অবসর গ্রহণ করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :