বাউফলে কশাইয়ের গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার, আটক ২ | Daily AjKaler Kontho

বাউফলে কশাইয়ের গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার, আটক ২


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
বাউফলে কশাইয়ের গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার, আটক ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরি হওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া গরুটি পাওয়া গেছে এক কশাইয়ের গোয়ালঘর থেকে।

স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া গরুটি বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারে নিয়ে বিক্রি করা হয়। মাত্র ২৫ হাজার টাকায় গরুটি কিনে নেন স্থানীয় কশাই শিহাব শিকদার। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয় এবং শিহাব শিকদারের গোয়ালঘরে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাটি এলাকার আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফলের দাসপাড়া ইউনিয়নের চর আলগি গ্রামের সাইফুল ইসলাম ওরফে কালু গাজী (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা চুরি করা গরু শিহাব শিকদারের কাছে বিক্রি করতেন। উদ্ধার হওয়া গরুটিও একইভাবে বিক্রি করা হয়েছিল বলে জানান তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শিহাব শিকদার দীর্ঘদিন ধরে চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম রাজ্জাক বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় আনা হবে।”