
নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৮৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিত অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
মোবাইল ফোন হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী। পুলিশ সুপার উদ্ধারকৃত ৮৫টি মোবাইলের তথ্য যাচাই-বাছাই শেষে উপস্থিত প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো শখের ফোনটি ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। অনেক ক্ষেত্রে মোবাইল মানুষের জীবনসঙ্গীর মতো। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তাদের এই তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং জনসেবায় সর্বদা সচেষ্ট থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :