
ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং টেকসইভাবে ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। এজন্য জেলেদের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, জাটকা নিধন বন্ধে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে জাটকা সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :