আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন | Daily AjKaler Kontho

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত কনস্টেবল এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত আছেন। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাইয়ে তাঁর শ্বশুরবাড়ি আসছিলেন। সোমবার ভোরে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে স্টপেজ না থাকায় গতি কিছুটা কমিয়ে দেয়। এসময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা হাঁটু থেকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং স্টেশনে থাকা যাত্রীরা তাঁকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তিনি ছুটিতে সেখানে যাচ্ছিলেন। ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে এমরানের গ্রামের বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি