পাহাড়, লেক ও পেশাদারিত্বের মেলবন্ধনে রাবিপ্রবিসাসের একদিন | Daily AjKaler Kontho

পাহাড়, লেক ও পেশাদারিত্বের মেলবন্ধনে রাবিপ্রবিসাসের একদিন


আদিত্য চৌধূরী প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
পাহাড়, লেক ও পেশাদারিত্বের মেলবন্ধনে রাবিপ্রবিসাসের একদিন

শহুরে যান্ত্রিকতা থেকে একটু দূরে, যেখানে কাপ্তাই লেকের নীল জলরাশি আর পাহাড়ের সবুজ বুক মিলিয়ে যায় দিগন্তে, সেখানেই বসেছিল তারুণ্যের এক মিলনমেলা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস) এর সদস্যদের কলম,ডায়েরি আর ক্যামেরা এদিন বিশ্রাম নিয়েছিল। তার বদলে সঙ্গী হয়েছিল প্রাণখোলা আড্ডা, গিটারের সুর আর প্রকৃতির সান্নিধ্য।

শনিবার (৪ এপ্রিল) সকালের রোদে যখন রাঙ্গামাটির পাহাড়গুলো চিকচিক করছিল, তখনই রাবিপ্রবিসাসের একঝাঁক উদ্যমী সাংবাদিক রওনা হন বার্গি লেক ভ্যালির উদ্দেশ্যে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যস্ততা, ক্যাম্পাস রিপোর্টিংয়ের ব্যস্ত শিডিউল, অ্যাসাইনমেন্ট আর ডেডলাইনের চাপ পেছনে ফেলে দিনটি ছিল শুধুই নিজেদের।

বার্গি লেক ভ্যালিতে পৌঁছানোর পর থেকেই শুরু হয় উৎসবের আমেজ। কার্যনির্বাহী সদস্যদের অভিজ্ঞতার গল্প আর শিক্ষানবিশ সদস্যদের নতুন উদ্দীপনার জানান দেয়া, সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ উপভোগ করার মতন। সাংবাদিকতার নানান নিয়মকানুনের বাইরে এসে সবাই মেতেছিলেন এক অন্যরকম ভ্রাতৃত্বের বন্ধনে। কেউ কেউ মেতেছিলেন লেকের শান্ত জলে নৌকা ভ্রমণে, আবার কেউ পাহাড়ের ঢালে বসে সেরে নিচ্ছিলেন ফটোসেশন।

দুপুরের খাবারে ছিল বিশেষ তৃপ্তি, যা আড্ডার আনন্দকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। খাওয়া-দাওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সদস্যদের খালি গলার গানের মুহূর্তগুলো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

বিকেলের সূর্য যখন পাহাড়ের আড়ালে মুখ লুকাচ্ছিল, তখন শেষ হয় এই আনন্দ আয়োজন। তবে এই গেট-টুগেদার কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল সংগঠনের সদস্যদের মধ্যে কাজের সমন্বয় আর সংহতি বাড়ানোর একটি বড় মাধ্যম।

ফেরার পথে সবার চোখেমুখে ছিল প্রশান্তির ছাপ। রাবিপ্রবিসাসের এই মিলনমেলা প্রমাণ করে দিল যে, প্রত্যেক খবরের পেছনের মানুষগুলোর মাঝেও এক গভীর প্রাণের টান থাকে। বার্গি লেকের এই স্মৃতি আর উজ্জীবিত শক্তি নিয়ে আবারও নতুন উদ্যমে, নতুন কোনো সংবাদের সন্ধানে কলম ধরবেন এই তরুণ সাংবাদিকরা।

আজকালের কন্ঠ/আর বি