৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিএসটি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা, শৃঙ্খলায় রোভার স্কাউট গ্রুপ | Daily AjKaler Kontho

৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিএসটি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা, শৃঙ্খলায় রোভার স্কাউট গ্রুপ


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিএসটি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা, শৃঙ্খলায় রোভার স্কাউট গ্রুপ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল, (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সকাল ৮টা থেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেন।

রোভার স্কাউট সদস্যরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করেন। চিকনার মোড় থেকে শুরু করে কবরস্থান মোর, ফার্স্ট গেট, নতুন কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে তারা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

এছাড়া যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায়ও স্কাউটরা সক্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনিক ভবনের সামনে মোটরসাইকেল পার্কিং, নতুন বিজ্ঞান অনুষদের পাশে সিএনজি পার্কিং এবং পুরাতন প্রশাসনিক ভবনের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়।

পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য সহায়তা প্রদান, পরীক্ষার হল খুঁজে পেতে সহযোগিতা এবং সার্বিক দিকনির্দেশনায় স্কাউট সদস্যরা নিরলসভাবে কাজ করেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে একটি শৃঙ্খলাপূর্ণ ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়া এক শিক্ষার্থী আজ ভর্তি পরীক্ষায় কেন্দ্রে আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয় পরীক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান পরবর্তী সময়ে পরীক্ষার হলে সময়মতো পৌঁছাতে সহযোগিতা করে গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ। পরীক্ষা শেষে আবার তাকে পরীক্ষার হল থেকে নামাতেও একইভাবে সেবা প্রদান করা হয়। এতে পরীক্ষার্থীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোভারদের প্রতি।

উল্লেখ্য, প্রতিবার বিভাগভিত্তিক স্বেচ্ছাসেবক নেওয়া হলেও, রোবার স্কাউটদের পূর্বের দক্ষতার ওপর আস্থা রেখে এবার আলাদাভাবে কোনো স্বেচ্ছাসেবক নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় রোবার স্কাউট ইউনিট লিডার মাজহারুল হোসেন তোকদার বলেন,

চিকনার মোড় থেকে ২ নম্বর গেট পর্যন্ত, রোবার স্কাউট সদস্যরা ট্রাফিক, পার্কিং, লিফ্ট এবং এন্ট্রি পয়েন্টসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে। আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। মাঝে মাঝে কিছু বাইক বা সিএনজি অনিয়মিতভাবে পার্ক হওয়ায় নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে এই কিছু স্থল ছাড়া আর কোনো সমস্যা দেখা দেয়নি।