নওগাঁয় এসপি’র নির্দেশনায় ডিবি’র মধ্যরাত অভিযান, ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁয় এসপি’র নির্দেশনায় ডিবি’র মধ্যরাত অভিযান, ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
নওগাঁয় এসপি’র নির্দেশনায় ডিবি’র মধ্যরাত অভিযান, ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পরিচালিত এক অভিযানে ২০ কেজি গাঁজাসহ সুমন (৪৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদ পায় যে, সদর থানাধীন পাইকপাড়া কোচগাড়ী এলাকার মৃত ফজলুর ছেলে সুমনের বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে এবং তা দ্রুত অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদের সত্যতা যাচাইতে ডিবি’র টিমটি তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুমনের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৪টি পোটলায় ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন:
“নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জেলাবাসীর নিরাপত্তায় মাদকের শিকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”

পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এই তৎপরতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি