নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ | Daily AjKaler Kontho

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৬, ২:১৬ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

নওগাঁর পত্নীতলা উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ১১ নং শিহাড়া ইউনিয়নের শীতল (তেপুকুরিয়া) মাঠে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই কৃষক আহত হয়েছেন। নিহত আশরাফুল ইসলাম উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে আশরাফুলসহ একই গ্রামের পাঁচজন কৃষক শীতল (তেপুকুরিয়া) মাঠে গমের ক্ষেতে কাজ করতে যান। কাজ চলাকালীন হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি প্রচণ্ড গতির বজ্রপাত কৃষকদের ওপর আঘাত করলে আশরাফুল গুরুতর আহত হন। তার সাথে থাকা আরও দুইজন কৃষকও এ সময় সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ১১ নং শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভোর ৪ টার সময় গম কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ও ২জন আহত হয়েছেন।‌ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি