সাপাহারে অভিনব কৌশলে শিশু দিয়ে স্বর্ণ চুরির হোতা গ্রেফতার | Daily AjKaler Kontho

সাপাহারে অভিনব কৌশলে শিশু দিয়ে স্বর্ণ চুরির হোতা গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
সাপাহারে অভিনব কৌশলে শিশু দিয়ে স্বর্ণ চুরির হোতা গ্রেফতার

নওগাঁর সাপাহারে একটি নাবালক শিশুকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার নিজ বাড়ি থেকেই স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকের নাম মো. রাইয়ান (২১)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনার অপরাধে এক জুয়েলারি ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থানাধীন সাহাপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল কুমার সাহার নাবালক ছেলে কুশল সাহাকে (ছদ্মনাম) বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল রাইয়ান। সে দীর্ঘ কয়েক মাস ধরে শিশুটিকে জুস, বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে তার নিজ বাড়ির আলমারি থেকে স্বর্ণালংকার সংগ্রহ করতে বাধ্য করে। পরবর্তীতে শিশুটি স্বর্ণ দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে প্রায় ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় ওই প্রতারক।

ভুক্তভোগী পিতা উজ্জ্বল কুমার সাহার অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. রাইয়ানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইয়ান তার অপরাধের কথা স্বীকার করেছে। তার নিকট থেকে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪,৫০০ টাকা জব্দ করা হয়।

তদন্তে জানা যায়, রাইয়ান ইতিপূর্বেও একই ধরনের অপরাধ সংগঠিত করেছিল। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পত্নীতলা থানা রোডের ‘অঙ্গরাজ জুয়েলার্স’-এর মালিক শ্রী উজ্জ্বল কুমারকে (৩৬) গ্রেফতার করা হয়। তিনি রাইয়ানের কাছ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে এই স্বর্ণ ক্রয় করার কথা স্বীকার করেছেন।

আজ ২৭ মার্চ (শুক্রবার) সাপাহার থানায় এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদনসহ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সোপর্দ করেছে।

সাপাহার থানা পুলিশ জানায়, অবশিষ্ট চোরাই স্বর্ণ উদ্ধার এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার এই ঘটনাটিকে গুরুত্বের সাথে গভীর তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

আজকালের কন্ঠ/আর বি