কুমিল্লার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

কুমিল্লার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
কুমিল্লার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া হয়েছে চারটি কবর। একই পরিবারের চারজন সদস্যকে একসঙ্গে দাফনের প্রস্তুতি—এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখেননি এলাকাবাসী।

স্থানীয় চা দোকানি নূর হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, “সবসময় শুনেছি একসঙ্গে কবর দেওয়ার কথা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম। এক পরিবারের চারজন—এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি।”

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন—মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা এবং ছেলে সাহেদ আশরাফ। তাদের সঙ্গে থাকা ১২ বছর বয়সী আবরার অলৌকিকভাবে বেঁচে গেলেও, চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে এখনো বাকরুদ্ধ অবস্থায় রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর গ্রামের বশা হাজী পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে তাদের।

একসঙ্গে চারটি কবর—এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। স্বজনদের আহাজারি আর গ্রামের মানুষের নীরব চোখের জল—সব মিলিয়ে লক্ষ্মীপুর আজ যেন এক নিঃশব্দ শোকের নগরীতে পরিণত হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি