রাণীনগরে পারিবারিক কলহের জেরে বিষাক্ত ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

রাণীনগরে পারিবারিক কলহের জেরে বিষাক্ত ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
রাণীনগরে পারিবারিক কলহের জেরে বিষাক্ত ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

২৫ মার্চ, ২০২৬ নওগাঁর রাণীনগরে উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে মো. মামুন (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার ০২নং কাশিমপুর ইউনিয়নের চকাধীন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের হোসেন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মামুনের সাথে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সবার অগোচরে তিনি নিজ বাড়িতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে তিনি এই চরম পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে আইনি প্রক্রিয়া শুরু হয়।

রাণীনগরে থানার পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।