ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনওকে সংবর্ধনা | Daily AjKaler Kontho

ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনওকে সংবর্ধনা


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনওকে সংবর্ধনা

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর পক্ষ থেকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান-কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী-কে বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির পক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান, নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী, সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা , জেলা ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক সোহাগ, আলমগীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগর উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি বলেন, “সবার সহযোগিতায় উপজেলার উন্নয়নে কাজ করতে পেরেছি। দায়িত্ব পালনের সময় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

অপরদিকে নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, পূর্বসূরির মতোই সবার সহযোগিতা নিয়ে তিনি মুরাদনগরের উন্নয়নে কাজ করতে চান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”