চন্দ্রগঞ্জে সংঘর্ষের জেরে গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ | Daily AjKaler Kontho

চন্দ্রগঞ্জে সংঘর্ষের জেরে গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
চন্দ্রগঞ্জে সংঘর্ষের জেরে গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক (১৯) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের মিতুল নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। স্থানীয়দের দাবি, রাকিব পাটওয়ারীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে এবং তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহিমের বাম পায়ে গুলি লাগে। একই সময়ে মানিককে চেইন দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মানিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে তিনি ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

আজকালের কন্ঠ/আর এস