আলীকদমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে জোন কমান্ডার আশিকুর রহমান | Daily AjKaler Kontho

আলীকদমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে জোন কমান্ডার আশিকুর রহমান


মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
আলীকদমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে জোন কমান্ডার আশিকুর রহমান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (১৫ মার্চ) আনুমানিক সকাল ১১টার দিকে আলীকদম সেনা জোন-এর ব্যবস্থাপনায় সর্বমোট ৫০টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক। এসময় জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও) এবং অন্যান্য সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিতরণ কৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। এসব সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আগে কিছুটা স্বস্তি পেয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনী-এর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় আলীকদম সেনা জোনও নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি