টানা তৃতীয়বার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল | Daily AjKaler Kontho

টানা তৃতীয়বার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
টানা তৃতীয়বার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল

কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি সকলকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জানুয়ারি ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ফেব্রুয়ারি ২০২৬ মাসে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বুড়িচং থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান সম্মাননা লাভ করেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়।

এদিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী হাসান জুয়েল টানা তৃতীয়বারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার পেয়ে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বলেন,এই অর্জন শুধু আমার একার নয়। সহকর্মীদের সহযোগিতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সর্বোপরি মহান আল্লাহর রহমতেই এটি সম্ভব হয়েছে।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি