কচাকাটা–নাগেশ্বরী সড়কের ২টি সেতুর বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ | Daily AjKaler Kontho

কচাকাটা–নাগেশ্বরী সড়কের ২টি সেতুর বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ


মোঃ রেজাউল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
কচাকাটা–নাগেশ্বরী সড়কের ২টি সেতুর বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থেকে নাগেশ্বরী যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের দুটি সেতু বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। সেতুর দু’পাশের সংযোগ সড়ক ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও বালুর স্তূপ তৈরি হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকরা চলাচল করছেন।

বিশেষ করে কচাকাটা মহিলা কলেজের ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে করে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু দুটির এমন ভগ্নদশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন সেতুর পাশের মাটি ধসে পড়ে এবং সড়কে কাদা জমে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সড়কটি কচাকাটা থানার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সরকারি-বেসরকারি বিভিন্ন কাজ, চিকিৎসা, শিক্ষা কিংবা প্রশাসনিক প্রয়োজনে প্রতিনিয়ত মানুষকে নাগেশ্বরী উপজেলা সদরে যাতায়াত করতে হয়।

ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সেতু দুটির এমন ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতু দুটি সংস্কার ও সংযোগ সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয় সচেতন মহল মনে করেন, মানুষের দুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেতু দুটি মেরামত বা পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি।

আজকালের কন্ঠ/ আর এস/আর