বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান এর অপসারণ দাবিতে জনোরোষ ও মানববন্ধন | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান এর অপসারণ দাবিতে জনোরোষ ও মানববন্ধন


সুমা খান,বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান এর অপসারণ দাবিতে জনোরোষ ও মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের নেতা হুমায়ুন কবিরের অপসারণ এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি মহেষপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সরকারি উদ্যোগে দুস্থ নারীদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিডব্লিউ/ভি.ডব্লিউ.ভি) এর চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চালের মধ্যে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ঘটে।এ বিষয়ে ভি.ডব্লিউ.ভি কর্মসূচির দায়িত্বে থাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ জানান, নিয়ামতি ইউনিয়নে দুস্থ নারীদের সহায়তা কর্মসূচির আওতায় ২৬৬টি কার্ড রয়েছে। প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। চলতি মাসসহ আগের দুই মাসের বকেয়া মিলিয়ে মোট তিন মাসের জন্য ২৩ হাজার ৯৪০ কেজি চাল কলসকাঠি খাদ্য গুদাম থেকে আনার কথা ছিল। তবে গুদাম থেকে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনা হয় বলে অভিযোগ ওঠে।

তিনি আরও বলেন, এ বিষয়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রলারে জায়গা সংকুলান না হওয়ায় ১ হাজার ৩০০ কেজি চাল গুদামে রেখে আসা হয়েছে, যা পরে আনা হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এর আগেও জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও বিভিন্ন ভাতা কর্মসূচিতে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। বক্তারা বলেন, সর্বশেষ ভি.ডব্লিউ.ভি কর্মসূচির চালেও অনিয়মের অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য চেয়ারম্যান হুমায়ুন কবির এর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি