
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তি সহজ করতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাঞ্ছারামপুর পৌরসভায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং বাঞ্ছারামপুর আসনের সাবেক সংসদ সদস্য এম এ খালেক (পিএসসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনমান সহজ করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে তাদের হাতে পৌঁছে দিতে সরকার এই ফ্যামিলি কার্ড কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে বাঞ্ছারামপুরের প্রান্তিক মানুষ সরাসরি উপকৃত হবেন।”
বিশেষ অতিথির বক্তব্যে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে স্থানীয় সুবিধাভোগী সাধারণ মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :