মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ | Daily AjKaler Kontho

মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২


মুকসুদপুর প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে ৪ বন্ধু। এঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যার দুইদিন পর সোমবার (০৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত বলেন,নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালী প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র।

গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হয়। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার মধ্যে থেকে পচা দুর্গন্ধ আসতে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়াসহ চার বন্ধু।

সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ বন্ধু। এঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।