
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক নিজের হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মাথায় ঝুড়ি নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করেছেন। আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মেদনী ইউনিয়নের কৃষ্ণাখালী এলাকায় এই ব্যতিক্রমী উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল খনন কর্মসূচিতে সংসদ সদস্যকে অনুসরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কোদাল ও ঝুড়ি নিয়ে মাটি কাটার কাজে অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পে’র আওতায় এই খনন কাজের আয়োজন করে।
খনন কাজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান। সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এই খাল খননের ফলে এলাকার কৃষি ও পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খালটি খনন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধায় ইতিবাচক প্রভাব পড়বে।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :